পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:১০ | অনলাইন সংস্করণ

হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ও সামাজিক মাধ্যমে ছড়ানো বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা মানহানির মামলা করেছেন অভিনেত্রী।
গত সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে সশরীরে উপস্থিত হয়ে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী, নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় দায়ের করা মামলায় বিবাদীর হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল। আদালত থেকে নোটিশ গ্রহণ করার পরও তানজিন তিশা আদালতে অনুপস্থিত থাকায় গ্রেফতারি পরোয়ানার আবেদন জানানো হয়।
আবেদনে দাবি করা হয়, মামলার বিষয়ে অবগত থাকার পরও হাজির না হয়ে আদালত অবমাননা করা হয়েছে। এমনকি মামলা চলমান থাকা অবস্থায় ফেসবুকে বাদীর বিরুদ্ধে কটূক্তি অব্যাহত রাখা হয়েছে। তবে ওই দিন আদালতের বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় গ্রেফতারি পরোয়ানার আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।
এর আগে গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মানহানির মামলা করেন তানজিন তিশা। এ মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরাকে।
তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ভিডিওতে তানজিন তিশাকে ঘিরে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করার অভিযোগে ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মানহানির মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আইনি বিষয়ে যা বলার তাঁর আইনজীবী বলবেন।
গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া আনাম। এর আগে ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। পরবর্তীতে মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী।
প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীর দাবি, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তিশা ক্ষুব্ধ হয়ে তাঁর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়। এরপর ৪ নভেম্বর মানহানির মামলা করেন তানজিন তিশা এবং ২৩ নভেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন আসে, যার শুনানি হবে আগামী ১৪ ডিসেম্বর।
