ঈদে বড় চমক নিয়ে আসছেন শাকিব খান
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নতুন সিনেমায় ফিরছেন শাকিব খান। ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমির নতুন এই ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ৫ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে।
প্রথম ধাপে দেশের বাইরে ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় টানা শুটিং করবেন নির্মাতা। জানুয়ারিতে দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
চলতি বছরের জুলাইয়ে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল। সে অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি ক্যামেরা চালু হওয়ার কথা থাকলেও চিত্রনাট্যে পরিবর্তন আসায় পিছিয়ে যায় শুটিং।
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুমি বলেন, ‘এগুলো আমার কানেও এসেছে। এক কানে শুনেছি, অন্য কান দিয়ে বের করে দিয়েছি। পরিচালক শুটিংয়ের আগের প্রস্তুতি হিসেবে দেশের বাইরে আছেন। শুটিংয়ের আগের প্রস্তুতিগুলো শেষ হয়েছে। তিনি দেশে ফিরলে হয়তো আমরা সিনেমার নাম ঘোষণা করতে পারি।’
শুটিং শুরুর সময় পেছানোর কারণ জানিয়ে এই প্রযোজক বলেন, চিত্রনাট্যে পরিবর্তনের কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে। চলতি মাসে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি এবং শাকিব খানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে দেশের বাইরে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুমি বলেন, ‘আমরা একটানা দেশের বাইরে (ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া) শুটিং করব। দেশের অংশের কিছু কাজ আছে, সেগুলো জানুয়ারিতে ফিরে করব।’
নতুন সিনেমা নিয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রযোজক। তার ভাষ্য, দর্শকের কাছে তাদের কাজ নিয়ে যে বিশ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি ধরে রাখতেই সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সুমি বলেন, ‘ভালো সিনেমার জন্য আমরা কখনও ছাড় দিই না। যদি একটি দৃশ্যের জন্যও টিমকে মালয়েশিয়া যেতে হয়, তবে সেখানেই যাব। দর্শকদের কাছে আমাদের যে রেপুটেশন, বিশ্বাস ও ভালোবাসা আছে, সেটা আমরা বজায় রাখার চেষ্টা করব।’
এদিকে সিনেমাটির নাম ‘নিঃস্ব’ হতে পারে বলে আলোচনা থাকলেও সেটি চূড়ান্ত নয়। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে ছবিটিতে ইধিকা পালের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর ‘বরবাদ’ সিনেমায় আবারও শাকিবের সঙ্গে জুটি বেঁধে দর্শকের আলোচনায় আসেন তিনি। দুই সিনেমায় সাফল্যের পর টালিউডেও কাজের সুযোগ পেয়েছেন ইধিকা। দেব ও সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয়ের জন্যও ডাক পেয়েছেন এই অভিনেত্রী।
