২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৮:২২ | অনলাইন সংস্করণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন এবং এ সময়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (৩ এপ্রিল) অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪২ জন এবং এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে একই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্তের সংখ্যা ৯৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে।

একই সময়ে সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৯২ জন। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহজনক হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯৪ জন।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।