হামে শিশু মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৩:১৬ | অনলাইন সংস্করণ

হাম সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে এই সংকটের পেছনে দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও প্রতিরোধী টিকা গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি জানান, আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম সংক্রমণ পরিস্থিতি অনেকটা প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও সরকার তা অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। দেশের বেশিরভাগ জেলায় টিকাদান কার্যক্রম শেষ হয়েছে এবং বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, হামের এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে ওঠার পরও কেন এমন সংকট তৈরি হলো, তা তদন্ত করে দেখা হবে। দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, টিকাদান কর্মসূচিকে সহায়তা এবং সম্প্রসারিত টিকাদান কার্যক্রম আরও গতিশীল করতে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন সরকারের কাছে অনুদান হিসেবে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও প্রতিরোধী টিকা দিয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সময়মতো টিকা না নেওয়ায় সারা দেশে হাম সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশে এ পর্যন্ত চারশ’র বেশি শিশুর মৃত্যু হয়েছে।
যদিও বর্তমানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৯৮ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে, তারপরও সংক্রমণ নিয়ন্ত্রণে পুরোপুরি সাফল্য আসেনি।
চিকিৎসকদের মতে, সময়মতো টিকাদানে ঘাটতি এবং বিভিন্ন এলাকায় টিকা পৌঁছাতে বিলম্বের কারণে পরিস্থিতি মহামারির মতো রূপ নিয়েছে।
