দেশে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৭

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৬:৫০ | অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বরিশালে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৭ হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩৭ হাজার ৭৪৪ জন হাসপাতাল ছেড়েছেন।