হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, স্বাস্থ্যখাতে উদ্বেগ 

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি ২ জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৫ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের শরীরে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৪৪ জন।

এরপর চট্টগ্রামে ২৩০ জন এবং বরিশালে ১৪৭ জন শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে ৫৪ জন আক্রান্ত পাওয়া গেছে।