হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গে মারা গেছে নয়জন শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন, যার মধ্যে ৫৩ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৮৮ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৪৬৭ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৬ হাজার ২৩ জন শিশু।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২৩৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ২২৯ জন।