ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রামাঞ্চলে উচ্চ রক্তচাপের সঙ্গে বাড়ছে উদ্বেগ-বিষণ্নতাও

গ্রামাঞ্চলে উচ্চ রক্তচাপের সঙ্গে বাড়ছে উদ্বেগ-বিষণ্নতাও

বাংলাদেশের গ্রামীণ জনপদে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন একইসঙ্গে উচ্চ রক্তচাপ এবং উদ্বেগ বা বিষণ্নতার মতো মানসিক সমস্যার উপসর্গে ভুগছেন। নতুন এক গবেষণায় দেখা গেছে, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস, ধূমপান, দীর্ঘমেয়াদি রোগ এবং তামাক ব্যবহার এই যৌথ স্বাস্থ্যসমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ।

আন্তর্জাতিক জার্নাল Health Science Reports-এ প্রকাশিত গবেষণায় মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ বাংলাদেশের মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যার যৌথ উপস্থিতির সঙ্গে সম্পর্কিত প্রধান ঝুঁকির কারণগুলো শনাক্ত করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ রকি খান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত গবেষণায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অংশ নেন।

গবেষণার জন্য ২০২১ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ঝিনাইদহ জেলার একটি গ্রামীণ এলাকার ১ হাজার ৬০৩ জন প্রাপ্তবয়স্কের তথ্য সংগ্রহ করা হয়। উদ্বেগ ও বিষণ্নতার উপসর্গ মূল্যায়নে GAD-7 ও PHQ-9 স্কেল এবং তিন দফা রক্তচাপ পরিমাপের মাধ্যমে উচ্চ রক্তচাপ নির্ণয় করা হয়।

গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮ দশমিক ৭ শতাংশ একই সঙ্গে মানসিক সমস্যার উপসর্গ ও উচ্চ রক্তচাপে আক্রান্ত। এর মধ্যে ৫ দশমিক ২ শতাংশের ক্ষেত্রে উদ্বেগ, বিষণ্নতা ও উচ্চ রক্তচাপ তিনটিই একসঙ্গে ছিল। আবার ২ দশমিক ২ শতাংশের ক্ষেত্রে বিষণ্নতা ও উচ্চ রক্তচাপ এবং ১ দশমিক ৩ শতাংশের ক্ষেত্রে উদ্বেগ ও উচ্চ রক্তচাপ একসঙ্গে পাওয়া যায়।

বয়সভিত্তিক বিশ্লেষণে ৫০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এ যৌথ সমস্যার হার ১১ দশমিক ৯ শতাংশ। নারীদের মধ্যে হার ১১ দশমিক ১ শতাংশ, যেখানে পুরুষদের মধ্যে তা ৬ দশমিক ৪ শতাংশ। আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন ব্যক্তি, গৃহিণী, স্থূলকায় মানুষ এবং কোমর-নিতম্ব অনুপাত বেশি এমন ব্যক্তিদের মধ্যেও এ সমস্যার হার বেশি পাওয়া গেছে।

একইভাবে ডায়াবেটিসে আক্রান্তদের ২৩ দশমিক ৩ শতাংশ, হৃদ্‌রোগে আক্রান্তদের ২৭ দশমিক ৯ শতাংশ এবং যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে তাদের ১৩ দশমিক ৭ শতাংশের মধ্যে এই যৌথ সমস্যা শনাক্ত হয়েছে।

ঝুঁকির কারণ বিশ্লেষণে গবেষকেরা গ্রেডিয়েন্ট বুস্টিং, কে-নিয়ারেস্ট নেবার, লজিস্টিক রিগ্রেশন, র‌্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন (SVM) এবং এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং—মোট ছয়টি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করেন। এর মধ্যে SVM সবচেয়ে কার্যকর ফল দেয়।

পরে SHAP বিশ্লেষণে হৃদ্‌রোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাসকারী হিসেবে উঠে আসে। এরপর রয়েছে উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস, ধূমপানের ইতিহাস, দীর্ঘমেয়াদি রোগ, তামাক ব্যবহার, শিক্ষার স্তর, কোমর-নিতম্ব অনুপাত, কর্মসংস্থানের অবস্থা, শরীরের ভরসূচক (BMI) এবং বয়স।

গবেষকদের মতে, গ্রামীণ বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্যকে আলাদা সমস্যা হিসেবে না দেখে সমন্বিতভাবে মোকাবিলা করা প্রয়োজন। বিশেষ করে হৃদ্‌রোগী, উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস রয়েছে এমন ব্যক্তি এবং ধূমপায়ী বা তামাক ব্যবহারকারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক স্বাস্থ্যসেবা, ধূমপান ত্যাগ কর্মসূচি, পরিবারভিত্তিক সচেতনতা কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবা সংযুক্তকরণ, গণস্ক্রিনিং এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

তবে গবেষকেরা উল্লেখ করেছেন, এটি দেশের একটি মাত্র গ্রামীণ এলাকায় পরিচালিত হওয়ায় পুরো বাংলাদেশের চিত্র পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে। এছাড়া এটি ক্রস-সেকশনাল গবেষণা হওয়ায় কারণ-সম্পর্ক নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব নয়। তাই ভবিষ্যতে বৃহত্তর পরিসরে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

উদ্বেগ-বিষণ্নতা,উচ্চ রক্তচাপ,গ্রামাঞ্চল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত