৯ এপ্রিল থেকে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৩০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল থেকে চারদিন দেশের ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে ধীরগতির সমস্যাও দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (এসএমডব্লিউ-৫)-এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এস.১.৫.১ শান্ট ফল্ট রিপেয়ার’ শীর্ষক এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। এ সময়ে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে ইন্টারনেট সেবায় আংশিক বিঘ্ন ঘটতে পারে।

এতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে এসএমডব্লিউ-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে এ সময় SEA-ME-WE-4 (এসএমডব্লিউ-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।