বন্ধ হচ্ছে ফেসবুকের রিচ, যা চালু করবে মেটা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ করে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করতে যাচ্ছে মেটা।
আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে নতুন এই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক।
এত দিন ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তার হিসাব পাওয়া যেত। তবে নির্ধারিত তারিখ থেকে এই মেট্রিক আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে।
ফেসবুকের এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে বিভিন্ন ব্যবসায়িক পেজ, বিজ্ঞাপন প্রচারণা এবং প্রমোশনাল কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণে। বিশেষ করে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের নতুন মেট্রিকের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কনটেন্ট বিশ্লেষণ পদ্ধতি হালনাগাদ করতে হবে।
‘রিচ’ ও ‘ভিউয়ারস’-এর হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। ফলে কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়ন এবং প্রচারণার ফলাফল বিশ্লেষণে নতুন বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন হবে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের পুরোনো পারফরম্যান্স প্রতিবেদন সংরক্ষণ করার পাশাপাশি ‘ভিউয়ারস’ মেট্রিক কীভাবে কাজ করবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া জরুরি। এতে ভবিষ্যতে কনটেন্টের কার্যকারিতা তুলনা, দর্শক বিশ্লেষণ এবং ডিজিটাল বিপণন কৌশল নির্ধারণ সহজ হবে।
