ঘণ্টায় ২৫০ কিমি গতির রেসিং কার আনল ফেরারি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৮ | অনলাইন সংস্করণ

ট্র্যাকের পারফরম্যান্সকে বাড়তি গুরুত্ব দিয়ে নতুন ২৯৬ চ্যালেঞ্জ স্ট্রাডালে উন্মোচন করেছে ফেরারি। ২০২৬ সালের ফেরারি ফিনালি মন্ডিয়ালি আসরে স্পেনের বার্সেলোনায় সড়কে চালানোর উপযোগী এই সুপারকারের পাশাপাশি ২৯৬ চ্যালেঞ্জ ইভো রেস কারও সামনে এনেছে ইতালীয় নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন ২৯৬ চ্যালেঞ্জ স্ট্রাডালেতে রয়েছে হাইব্রিড প্রযুক্তিবিহীন ৩ দশমিক শূন্য লিটারের ভি৬ ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৬৭০ হর্সপাওয়ার শক্তি পাওয়া যায়।

গাড়িটি মূলত ট্র্যাকে চালানোর বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে। ২৯৬ জিটিবির তুলনায় এর ওজন ১৪০ কেজি কম এবং নতুন অ্যারোডায়নামিক নকশার কারণে ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে ৬১৭ কেজি ডাউনফোর্স তৈরি করতে সক্ষম। ফেরারির এই নতুন মডেলে আবারও ফিরে এসেছে চ্যালেঞ্জ স্ট্রাডালে নামটি, যা এর আগে ২০০৩ সালে ফেরারি ৩৬০ সিএসে ব্যবহার করেছিল প্রতিষ্ঠানটি।

নতুন ফেরারি ২৯৬ চ্যালেঞ্জ স্ট্রাডালেতে যুক্ত করা হয়েছে ৩ দশমিক শূন্য লিটারের ১২০ ডিগ্রি টুইন টার্বো ভি৬ ইঞ্জিন। এতে কোনো হাইব্রিড মোটর বা ব্যাটারি সহায়তা রাখা হয়নি। ইঞ্জিনটি মিনিটে ৮ হাজার ঘূর্ণনে সর্বোচ্চ ৬৭০ হর্সপাওয়ার শক্তি এবং মিনিটে ৬ হাজার ২৫০ ঘূর্ণনে ৭৪০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে, যার সঙ্গে রয়েছে ৮ গতির ডুয়াল ক্লাচ গিয়ারবক্স।

হাইব্রিড ব্যবস্থা বাদ দেওয়ায় গাড়িটির ওজন অনেকটাই কমানো সম্ভব হয়েছে। ফেরারির দাবি অনুযায়ী, এর ওজন মাত্র ১ হাজার ৩৩০ কেজি, যা ২৯৬ জিটিবির চেয়ে ১৪০ কেজি হালকা।

পারফরম্যান্সের হিসাবেও গাড়িটি বেশ চোখে পড়ার মতো। নির্মাতার দাবি অনুযায়ী, শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে এটি সময় নেয় ২ দশমিক ৮ সেকেন্ড এবং শূন্য থেকে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে লাগে ৭ দশমিক ৯ সেকেন্ড। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি এবং ফিওরানো টেস্ট ট্র্যাকে এর ল্যাপ টাইম ১ মিনিট ১৮ দশমিক ৫ সেকেন্ড।

সাধারণ ২৯৬ জিটিবি থেকে ২৯৬ চ্যালেঞ্জ স্ট্রাডালেকে আলাদা করেছে এর ট্র্যাক উপযোগী বায়ুগত প্যাকেজ। এতে রয়েছে স্থির পেছনের পাখা বা ফিক্সড রিয়ার উইং, নতুন নকশার সামনের স্প্লিটার, বাড়তি বায়ুগত উপাদান এবং পুরোপুরি ঢাকা নিচের অংশ বা আন্ডারবডি।

এসব পরিবর্তনের ফলে ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে ৬১৭ কেজি ডাউনফোর্স তৈরি হয়, যা ফেরারির মতে ২৯৬ জিটিবির তুলনায় ৭২ শতাংশ বেশি।

গাড়িতে নতুন দ্বৈত নির্গমন নিষ্কাশন ব্যবস্থা বা টুইন এক্সিট এগজস্ট সিস্টেম দেওয়া হয়েছে, যার টেইলপাইপ আগের চেয়ে বড়। প্রতিষ্ঠানের দাবি, নতুন ব্যবস্থায় এগজস্ট ব্যাক প্রেসার কমে এবং ভি৬ ইঞ্জিনের উচ্চ সুরের শব্দ আরও স্পষ্ট শোনা যায়। এ ছাড়া চাইলে কেবল ট্র্যাকে ব্যবহারের উপযোগী এগজস্ট সিস্টেমও নেওয়া যাবে, তবে সেটি লাগানো বা খুলতে অনুমোদিত ফেরারি বিক্রয়কেন্দ্রের সহায়তা নিতে হবে।

সাসপেনশনেও বদল এনেছে ফেরারি। স্প্রিং রেট এবং আধা সক্রিয় ড্যাম্পার ক্যালিব্রেশন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ২৯৬ জিটিবির চেয়ে গাড়িটির পার্শ্বীয় পারফরম্যান্স ৭ শতাংশ উন্নত, স্থিতিশীলতা ৩৪ শতাংশ বেশি এবং রোল গ্র্যাডিয়েন্ট ৬৮ শতাংশ কমেছে।

ব্রেকিংয়ের জন্য রাখা হয়েছে কার্বন সিরামিক ব্রেক। টায়ারের ক্ষেত্রে এই মডেলের জন্য বিশেষভাবে তৈরি পিরেলি পি জিরো আর এবং পি জিরো ট্রফিও আরএস ব্যবহার করা হয়েছে।

গাড়ির ভেতরে ২৯৬ জিটিবির মূল কেবিন বিন্যাস ঠিক রাখা হলেও ফিনিশিং আরও সহজ করা হয়েছে। ওজন কমানোর উদ্দেশ্যেই বেশ কিছু আরামদায়ক অংশ বাদ দেওয়া হয়েছে।

দরজার প্যানেল তৈরি হয়েছে একটিমাত্র কার্বন ফাইবার অংশ দিয়ে এবং এতে হাত রাখার জায়গা বা আর্মরেস্ট রাখা হয়নি। চাইলে ক্রেতারা আরও কিছু বাড়তি ট্রিম বাদ দেওয়ার সুযোগ পাবেন, যার মধ্যে রয়েছে আসনের নিচের অংশ, মেঝের কার্পেট এবং মাঝের কনসোলের নিচের কিছু অংশ, ফলে ভেতর থেকে গাড়ির কাঠামোর কিছু অংশও চোখে পড়বে।

২৯৬ চ্যালেঞ্জ স্ট্রাডালে ছাড়াও ফেরারি ২৯৬ চ্যালেঞ্জ ইভো রেস কার উন্মোচন করেছে। এটি ফেরারি চ্যালেঞ্জ ওয়ান মেক রেসিং সিরিজের জন্য তৈরি ২৯৬ চ্যালেঞ্জ রেস কারের উন্নত সংস্করণ এবং ২০২৭ সালের মৌসুমে ইউরোপ ও উত্তর আমেরিকার সিরিজে প্রথম রেসে নামবে।

২৯৬ চ্যালেঞ্জ ইভোতে একই ৩ দশমিক শূন্য লিটারের টুইন টার্বো ভি৬ ইঞ্জিনের হাইব্রিডহীন সংস্করণ রয়েছে, তবে এর শক্তি মিনিটে ৭ হাজার ৫০০ ঘূর্ণনে ৭০০ হর্সপাওয়ার এবং মিনিটে ৬ হাজার ঘূর্ণনে ৭৪০ নিউটন মিটার টর্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে ৭ গতির ডুয়াল ক্লাচ গিয়ারবক্স।

রেসিং কারটির বায়ুগত প্যাকেজেও পরিবর্তন আনা হয়েছে এবং এতে উচ্চ ডাউনফোর্স ও কম প্রতিরোধ বা লো ড্র্যাগ, এই দুটি সেটআপ পাওয়া যাবে। আগের ২৯৬ চ্যালেঞ্জের তুলনায় সর্বোচ্চ ডাউনফোর্স ১২ শতাংশ বেড়েছে এবং ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে অতিরিক্ত ১০০ কেজি ডাউনফোর্স তৈরি করতে পারে নতুন এই মডেল। অন্যদিকে কম প্রতিরোধ সেটআপে বায়ুগত বাধা ৪ শতাংশ কমানো সম্ভব।

এসব পরিবর্তনের মধ্যে রয়েছে নতুন সামনের স্প্লিটার, নতুন নকশার পেছনের ডিফিউজার, হালনাগাদ পেছনের পাখা এবং নতুন বাইরের আয়না। পাশাপাশি দীর্ঘ রেসে স্থিতিশীলতা ও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে ট্র্যাকশন কন্ট্রোল ও ইলেকট্রনিক ডিফারেনশিয়াল ব্যবস্থাও উন্নত করা হয়েছে।

ফেরারির দাবি, উচ্চ ডাউনফোর্স সেটআপে মুগেলো সার্কিটে ২৯৬ চ্যালেঞ্জের তুলনায় শূন্য দশমিক ৮ সেকেন্ড দ্রুত ল্যাপ টাইম করেছে ২৯৬ চ্যালেঞ্জ ইভো।

২৯৬ চ্যালেঞ্জ স্ট্রাডালে মূলত তাঁদের জন্য তৈরি, যারা সড়কে চালানোর অনুমোদন থাকা সুপারকারের ভেতরেই ট্র্যাকের মতো পারফরম্যান্স চান। হাইব্রিড ব্যবস্থা বাদ দিয়ে ওজন কমানো, ৬৭০ হর্সপাওয়ার ভি৬ ইঞ্জিন, উন্নত বায়ুগত নকশা এবং বিশেষ সাসপেনশন একে ২৯৬ জিটিবি থেকে আলাদা করেছে।

অন্যদিকে ২৯৬ চ্যালেঞ্জ ইভো আরও বেশি রেসিং উপযোগী, যা ৭০০ হর্সপাওয়ার শক্তি ও উন্নত ডাউনফোর্স নিয়ে ২০২৭ সালের ফেরারি চ্যালেঞ্জ সিরিজে অংশ নেবে। তবে ২৯৬ চ্যালেঞ্জ স্ট্রাডালে গাড়ির দাম, বাজারভিত্তিক বিক্রির পরিকল্পনা এবং সরবরাহের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি ফেরারি।