নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত ৫

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে মাগরীবের নামাজ আদায়ের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র নাহুম দাসো। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন। খবর বিবিসি

সংবাদমাধ্যমটি বলছে, বর্নোর রাজধানী মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার একটি মসজিদে সন্ধ্যায় নামাজের সময় ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে— মার্কেট এলাকায় ধুলা উড়ছে, মানুষজন আতঙ্কে ছুটোছুটি করছে। এ হামলার দায় এখনও কোনও পক্ষ স্বীকার করেনি। তবে এর আগেও এ অঞ্চলে মসজিদ ও জনাকীর্ণ স্থানে আত্মঘাতী হামলা এবং আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী।

মাইদুগুরি দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠন বোকো হারাম ও তাদের সহযোগী আইএস পশ্চিম আফ্রিকা প্রদেশের তৎপরতার কেন্দ্রে রয়েছে। বর্নোতে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বোকো হারামের সশস্ত্র অভিযান শুরু হয় ২০০৯ সালে। বছরের পর বছর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও উত্তর-পূর্ব নাইজেরিয়ায় এখনও ছড়িয়ে-ছিটিয়ে সহিংস হামলা ঘটে।

অন্যদিকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পুলিশ মুখপাত্র নাহুম দাসো বলেন, মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার ওই মসজিদে বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে শুরুতে সরকারিভাবে হতাহতের কোনও সংখ্যা জানানো হয়নি।

মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ এএফপিকে জানান, অন্তত আটজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বাবাকুরা কলো নামে এক মিলিশিয়া নেতা বলেন, নিহতের সংখ্যা সাত। ঘটনার প্রত্যক্ষদর্শী মুসা ইউশাউ জানান, তিনি বহু আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছেন।

 

আবা/এসআর/২৫