ইরানে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবারের (৩১ জানুয়ারি) ওই বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে একজন নিহত হওয়ার পাশাপাশি ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তেহরান টাইমস জানিয়েছে, ইরানের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসের আজাদেগান জেলায় একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে এ তথ্য জানালেও সেই পোস্টে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে বিস্ফোরণের ঘটনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার নিহত হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে সংবাদ সংস্থাটি জানিয়েছে, তাসনিম নিউজ এজেন্সির তদন্ত নিশ্চিত করেছে যে, আইআরজিসি কমান্ডারের হত্যার গুজব ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্যাস লিকেজ থেকে বন্দর আব্বাসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে এমনটা জানিয়েছে বার্তা সংস্থাটি।

অন্যদিকে শনিবার ইরান-ইরাক সীমান্তবর্তী আহভাজ শহরে পৃথক আরেকটি বিস্ফোরণের ঘটনায় ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর। এক প্রতিবেদনে আধা সরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে, খুজেস্তানের গভর্নর অফিসের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের উপ-প্রধান ভ্যালিওল্লাহ হায়াতি শনিবার বিকেলে গ্যাস বিস্ফোরণে পাঁচজন নিহত ও দু’জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

 

আবা/এসআর/২৫