ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে, আশাবাদ ট্রাম্পের
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে তেহরান পারমাণবিক অস্ত্র বর্জনে সম্মত হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
আলাপকালে এক সাংবাদিক ইরান ইস্যুতে তার সর্বশেষ অবস্থান জানতে চাইলে শুরুতে এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। তবে পরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তার ভাষায়, আমি আশা করি তারা এমন একটি আলোচনা করবে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে।
এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও ট্রাম্পকে প্রশ্ন করা হয়। যুক্তরাষ্ট্রে এক বৈঠকে গত শুক্রবার প্রিন্স খালিদ বলেন, ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী ইরানে হামলা না চালান, তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেকে এমনটা মনে করেন। আবার অনেকে তা মনে করেন না।
ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, “পারমাণবিক অস্ত্র থাকবে না—এমন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলে করতে পারে। তাদের তা করা উচিত। কিন্তু তারা আদৌ করবে কি না, আমি জানি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, এবং গুরুত্বের সঙ্গেই আলোচনা করছে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
