সীমিত পরিসরে খুলে দেয়া হলো রাফাহ সীমান্ত

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রায় দুই বছর বন্ধ থাকার পর গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত সীমিত পরিসরে চালু করার কথা জানিয়েছে ইসরায়েল। বিদেশে চিকিৎসার জন্য অপেক্ষায় থাকা হাজারো আহত ও অসুস্থ ফিলিস্তিনির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

গাজায় ত্রাণ ও চলাচল নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট (COGAT) রোববার এক বিবৃতিতে জানায়, সীমান্তটি ‘পাইলট পর্যায়ে’ চালু করা হবে। গাজার বাসিন্দারা উভয় দিকেই কেবল পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। এ কার্যক্রম মিসর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

ইয়েদিওথ আহরোনোথের খবরে বলা হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) এই সীমান্ত সীমিত আকারে চালু হওয়ার পর ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো শুরু হয়েছে। সহায়তা ট্রাকগুলো প্রধানত খাদ্য, ওষুধ ও জরুরি সরঞ্জাম নিয়ে প্রবেশ করছে।

প্রতিবেশী এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, কয়েক মাসের যুদ্ধের পর গাজার অবস্থা এখনও ক্রান্তিকালীন। বিদ্যুৎ, পানি ও চিকিৎসা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত থাকায় স্থানীয় মানুষদের জন্য এই সাহায্য অত্যন্ত প্রয়োজনীয়। ফেরার প্রক্রিয়া ও নিরাপত্তা নিশ্চিত করতে রাফাহ ক্রসিংয়ে কড়া নজরদারি রয়েছে। তবে আশার আলো হিসেবে মানবিক সহায়তা পৌঁছানোকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রাফাহ গাজার একমাত্র সীমান্তপথ, যা ইসরায়েলের ভূখণ্ড দিয়ে যায় না। যুদ্ধের আগে ইসরায়েলের সমন্বয়ে ফিলিস্তিনি ও মিসরীয় কর্তৃপক্ষ এটি যৌথভাবে পরিচালনা করত। তবে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী সীমান্তটি দখলে নেওয়ার পর থেকে এটি কার্যত বন্ধ ছিল।

 

আবা/এসআর/২৫