কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ১০

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও নিকটবর্তী একটি আবাসনে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর বরাতে জানা গেছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনকে নিহত এবং আরও প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে আরসিএমপি।

হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারী নিজেই নিজেকে ‘শেষ করে দিয়েছেন’ বলে ধারণা করছে আরসিএমপি।

আহতদের উদ্ধারের পর হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চার জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হওয়ার কারণে আহতদের মধ্যে ২ জনের জীবন সংকটাপন্ন। বাকি ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

হামলার পরপরই টাম্বলার রিজ পুলিশ সতর্কতা জারি করে। বর্তমানে দ্বিতীয় কোনো সন্দেহভাজন জড়িত ছিল কি না এবং প্রকৃত হতাহতের সংখ্যা কত তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার ছোট এই শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা মোতায়েন করা হয়েছে।

 

আবা/এসআর/২৫