‘ইরানের সঙ্গে চুক্তিতে পারমাণবিক স্থাপনা ধ্বংস অন্তর্ভুক্ত হতে হবে’

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া বন্ধ করার পাশাপাশি ইরানের সব পারমাণবিক স্থাপনা বা অবকাঠামো ধ্বংসের বিষয়টি অন্তর্ভুক্ত হতে হবে বলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে দ্বিতীয় রাউন্ডের আলোচনা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ইরানের একজন মন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক হলে ইরান তাদের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আপস বা সমঝোতা করার কথা বিবেচনা করতে প্রস্তুত।

কিন্তু এই ইতিবাচক পরিস্থিতিকে কিছুটা হলেও ঘোলা করে দিয়ে তৃতীয় পক্ষ হিসেবে একটি বিশেষ দাবি জানিয়ে বসেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, চুক্তি হলে এর মধ্যে অবশ্যই ইরান থেকে সমৃদ্ধ উপাদান সরিয়ে নেয়া অন্তর্ভুক্ত থাকতে হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান ইহুদি সংগঠনের নেতাদের বার্ষিক সম্মেলনে নেতানিয়াহু বলেন, তেহরানের হাতে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা থাকা যাবে না – শুধু প্রক্রিয়া বন্ধ নয়, বরং সেই যন্ত্রপাতি এবং অবকাঠামো ধ্বংস করতে হবে যা সমৃদ্ধকরণ সম্ভব করেছে।’

এমন সময় নেতানিয়াহু এই মন্তব্য করলেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে রওনা হয়েছেন। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবেন তিনি।

 

আবা/এসআর/২৫