পোল্যান্ডের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩০ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।
তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে এবং যেকোনও সময় নিরাপদে সরে যাওয়ার এই সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়ারশর কাছে জিয়েলোনকা শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পোলিশ নাগরিকদের ইরান ত্যাগ করতে জরুরি এই আহ্বান জানান এবং নতুন করে দেশটিতে ভ্রমণ না করার বিষয়েও কঠোর সতর্কবার্তা দেন।
ডোনাল্ড টাস্ক বলেন, ‘দয়া করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনও পরিস্থিতিতেই এই দেশে ভ্রমণ করবেন না’। তিনি আরও বলেন, ‘আমি কাউকে আতঙ্কিত করতে চাই না, তবে আমরা সবাই বুঝতে পারছি আমি কী বোঝাতে চাইছি। সংঘাতের আশঙ্কা একেবারেই বাস্তব।’
পোলিশ এই প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার এই সুযোগ খুব দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘কয়েক ঘণ্টা বা তার বেশি কিছু সময়ের মধ্যেই হয়তো মানুষকে সরিয়ে নেয়া আর সম্ভব হবে না’। আর এ সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বানও জানান তিনি।
বর্তমানে ইরানে কতজন পোলিশ নাগরিক অবস্থান করছেন, সে বিষয়ে কোনও তথ্য দেয়নি পোল্যান্ড সরকার। পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী নির্দেশনা দেবে বলে জানা গেছে।
ডোনাল্ড টাস্ক বলেন, অতীতেও এ ধরনের আহ্বান উপেক্ষা করা হয়েছিল এবং তার পরিণতি হয়েছে গুরুতর। তার ভাষায়, ‘আমাদের খারাপ অভিজ্ঞতা আছে। কিছু মানুষ এ ধরনের আহ্বানকে গুরুত্ব দেন না।’
বিভিন্ন সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও ওয়াশিংটন ও তেলআবিব ইরানের সঙ্গে আরেক দফায় সামরিকভাবে মুখোমুখি অবস্থানের কাছাকাছি রয়েছে।
আবা/এসআর/২৫
