হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: হুঁশিয়ারি ইরানের

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘ-এ ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এক চিঠিতে এই সতর্কবার্তা দেন।

চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে।

চিঠিতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, ইরান চুক্তিতে না এলে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার করে পদক্ষেপ নেওয়া হতে পারে।

ইরান সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য সামরিক আগ্রাসনের ঝুঁকি তৈরি করছে, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে।

চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, তারা এখনো কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের হাতে সর্বোচ্চ ১৫ দিন সময় রয়েছে চুক্তিতে পৌঁছানোর জন্য। অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। সূত্র: এএফপি