ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮ | অনলাইন সংস্করণ

রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ও এর আশপাশে জুমার নামাজ আদায় করেন লক্ষাধিক ফিলিস্তিনি। কিন্তু শুক্রবার (২০ ফেব্রুয়াবি) বহু ফিলিস্তিনিকে বাধা দেওয়া ও কঠোর শর্ত আরোপের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আগের বছরগুলোর তুলনায় এ সংখ্যা অনেক কম। শুধু ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের ঊর্ধ্বে পুরুষ এবং ৫০ বছর বা বেশি বয়সী নারীরা প্রবেশের যোগ্য বলে বিবেচিত হচ্ছেন।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী চেকপয়েন্টগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। এ কারণে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত মাত্র ২ হাজার ফিলিস্তিনি রামাল্লাহর নিকটবর্তী কালান্দিয়া চেকপয়েন্ট পার হয়ে জেরুজালেমের দিকে যেতে পেরেছেন।
কালান্দিয়া চেকপয়েন্ট থেকে আলজাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, অধিকৃত পশ্চিম তীরে ৩৩ লাখ মানুষের বসবাস। তাই রমজানের প্রথম জুমায় মাত্র ১০ হাজার জনকে নামাজ পড়ার অনুমতি দেওয়াটা সাগরে এক ফোঁটা পানি ফেলার মতো। শুক্রবার সকাল পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষই ভেতরে যেতে পেরেছেন।
নূর ওদেহ আরও জানান, আগের বছরগুলোতে আল-আকসা প্রাঙ্গণে আড়াই লাখের মতো মুসল্লির জমায়েত হয়েছে। এবার তাদের একটি অংশ সেখানে যাওয়ার আশা করছে। সাধারণত অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলের ভেতরে থাকা ফিলিস্তিনি-ইসরায়েলি নাগরিকরা আল-আকসায় জুমার নামাজ আদায় করেন।
