ট্রাম্পের হুমকির মুখে অনড় খামেনি, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্পের হামলার হুমকির যেন কোনো পাত্তাই দিচ্ছে না ইরান। দেশটি আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো আরও সুসজ্জিত করে তুলছে তেহরান। সর্বশেষ বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে চুক্তির জন্য ১০-১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই হুমকির মধ্যেই একই দিন রাশিয়ার সঙ্গে বার্ষিক মহড়া সম্পন্ন করেছে ইরান। খবর: বিবিসির
পাশাপাশি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যের কাছাকাছি এসেছে। পারমাণবিক কর্মসূচির আলোচনা ব্যর্থ হলেই হামলার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। ইরানও যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে ইরানের এই যুদ্ধ প্রস্তুতির ব্যাপারে তথ্য জানানো হয়।
বিবিসির বরাত দিয়ে আলজাজিরা জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতিবার লেখা এক চিঠিতে ইরান বলেছে, তারা উত্তেজনা বা যুদ্ধ চায় না এবং যুদ্ধ শুরুও করবে না। যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে। চিঠিতে বলা হয়, যে কোনো অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত পরিণতির জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ এবং সরাসরি দায়বদ্ধ থাকবে।
সংমাধ্যম এপি লিখেছে, ট্রাম্প ওয়াশিংটনে শান্তি পর্ষদের বৈঠকে বৃহস্পতিবার বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরানের একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ১০ থেকে ১৫ দিন ‘যথেষ্ট সময়’। কিন্তু আলোচনা বছরের পর বছর ধরে অচলাবস্থায় রয়েছে এবং ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমিয়ে আনা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি। এই অবস্থায় উভয় পক্ষই যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
মঙ্গলবার জেনেভায় ইরান ও মার্কিন আলোচকরা সাড়ে তিন ঘণ্টা ধরে পরোক্ষ আলোচনা করলেও স্পষ্ট সমাধান ছাড়াই তা শেষ হয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি বলেছেন, উভয় পক্ষই ‘নির্দেশিকা নীতি’ নিয়ে একমত। তবে জেডি ভ্যান্স বলেছেন, ইরান ‘রেড লাইন’ স্বীকার করেনি।
আবা/এসআর/২৫
