ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি স্লোভাকিয়ার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

বন্ধ রাখা রাশিয়ার তেল সরবরাহ দুই দিনের মধ্যে ফের শুরু না করলে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে স্লোভাকিয়া। খবর: রয়টার্সের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এ হুমকি দেন।

রাশিয়ার তেল পাইপলাইনের মাধ্যমে ইউক্রেইন হয়ে স্লোভাকিয়ায় যেত। কিন্তু প্রায় একমাস ধরে সরবরাহ বন্ধ করে রেখেছে কিইভ। ২৭ জানুয়ারি কিইভ বলেছে, রাশিয়ার ড্রোনের আঘাতে ইউক্রেইনের পশ্চিমাঞ্চলে পাইলাইনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে মাত্র দুটি দেশ স্লোভাকিয়া ও হাঙ্গেরি এখনও রাশিয়ার সরবরাহ করা তেলের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। সোভিয়েত আমলের দ্রুজবা পাইপলাইন দিয়ে দেশ দুটিতে তেল সরবরাহ করে রাশিয়া। দুটি দেশেরই নেতা ইউক্রেইনপন্থি ইউরোপীয় ঐকমত্যের বিরুদ্ধে গিয়ে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে।

চলতি সপ্তাহে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, উভয়েই মূল দ্রুজবা পাইপ দিয়ে তেল সরবরাহ ফের শুরু করার দাবি তুলেছে।

রাশিয়ার হামলায় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের শিকার হওয়ায় ইউক্রেইনকে ইউরোপ থেকে আসা বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভর করতে হচ্ছে। আর সরবরাহ করা এ বিদ্যুতের গুরুত্বপূর্ণ উৎস স্লোভাকিয়া। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগের যে কোনো সময়ের চেয়ে ইউক্রেইন এখন অনেক বেশি বিদ্যুৎ আমদানি করতে বাধ্য হচ্ছে আর এর ১৮ শতাংশ সরবরাহ করছে স্লোভাকিয়া।

ফিকো এক্স এ এক পোস্টে বলেছেন, “যদি সোমবারের মধ্যে স্লোভাকিয়ায় তেল সরবরাহ ফের শুরু করা না হয়, আমি রাষ্ট্রীয় মালিকানাধীন জয়েন্ট স্টক কোম্পানি এসইপিএসকে ইউক্রেইনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে বলবো।”

পাইপলাইনের জরুরি মেরামত কাজ চলার সময় বিকল্প পথে জাহাজযোগে ইউরোপে তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে ইউক্রেইন। রয়টার্স দেখেছে এমন একটি চিঠিতে ইইউতে নিযুক্ত ইউক্রেইনের কূটনীতিক মিশন ইউক্রেইনের তেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে বা সমুদ্র পথে তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে।

অক্টোবর থেকে ইউক্রেইনের জ্বালানি ব্যবস্থায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া। এতে তীব্র শীতের মধ্যে ইউক্রেইনের বিদ্যুৎ ও তাপ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। এতে হিমাঙ্কের নিচে হাড় জমানো ঠাণ্ডার মধ্যে লাখ লাখ ইউক্রেইনীয় বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে আছে।

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ সত্ত্বেও ইউরোপে রাশিয়ার জ্বালানি সরবরাহের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমোদন অব্যাহত রেখেছে কিইভ। আগামী মঙ্গলবার এ যুদ্ধের চার বছর পূর্ণ হবে। এই চার বছরে ইউরোপ রাশিয়ার জ্বালানি আমদানি ব্যাপকভাবে হ্রাস করলেও পুরোপুরি বন্ধ করেনি।

 

আবা/এসআর/২৫