যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। ঝড়ের কারণে ওয়াশিংটন, নিউইয়র্ক থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত পূর্ব উপকূল জুড়ে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাত, জমাট বরফ ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যগুলোতে ইতিমধ্যেই যান চলাচলে বিধিনিষেধ আরোপ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং সাধারণ জনগণকে রাস্তায় বের না হতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। একইসাথে বাতিল করা হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি ফ্লাইট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্য-আটলান্টিক থেকে মেইন পর্যন্ত- নিউ ইয়র্ক, ডেলাওয়্যার, ম্যাসাচুসেটস, নিউ জার্সি এবং কানেকটিকাট, রোড আইল্যান্ড এবং পেনসিলভানিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়া এ তুষারঝড়ে সোমবার সকাল ৭টা পর্যন্ত কয়েকটি এলাকায় ২২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে।  

এনডব্লিউএস আরও পূর্বাভাস দিয়েছে, মেরিল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব নিউ ইংল্যান্ড পর্যন্ত তুষারঝড়ের মাত্রা আরও বাড়তে পারে- ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি বেগে তুষারপাত হতে পারে, যা পরিস্থিতিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ করে তুলবে। 

এনডব্লিউএস জানিয়েছে, রবিবার শেষের দিকে এবং সোমবার পর্যন্ত ঘণ্টায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ঝড়ের কারণে ডেলাওয়্যার থেকে ম্যাসাচুসেটসের কেপ কড পর্যন্ত নদীগুলো প্রভাবিত হয়ে মাঝারি থেকে বড় উপকূলীয় বন্যা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

 

আবা/এসআর/২৫