ইয়েমেনে বাস–ট্রাক সংঘর্ষে নারী ও শিশুসহ ১৬ জনের প্রাণহানি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪ | অনলাইন সংস্করণ

দক্ষিণ ইয়েমেনে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আবইয়ান ও শাবওয়া প্রদেশকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের আল-মাহফাদ জেলার লাহমার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, দুই গাড়ির সংঘর্ষে ভয়াবহ আগুন ধরে যায় এবং ছোট বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা কেউই বেঁচে থাকতে পারেননি।

অন্যদিকে, রয়টার্স- এর বরাতে নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিপজ্জনক বাঁকে ভুলভাবে ওভারটেক করার কারণেই এ দুর্ঘটনা ঘটে। বাসটি গ্যাসচালিত হওয়ায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং যাত্রীরা সবাই আগুনে পুড়ে মারা যান।

চলতি বছর (২০২৬) এটাই ইয়েমেনের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে, গত বছর আবইয়ান প্রদেশের একটি পাহাড়ি সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন নিহত হন।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ইয়েমেনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পেছনে রয়েছে দুর্গম ভূপ্রকৃতি ও জরাজীর্ণ অবকাঠামো। এক দশকের বেশি সময় ধরে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের ফলে সড়ক নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৪ সাল থেকে ইয়েমেন সহিংসতা ও অস্থিরতায় বিপর্যস্ত। সে সময় হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বড় অংশ দখল করে নেয়। সূত্র: আল জাজিরা