আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ | অনলাইন সংস্করণ

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে আজ শুক্রবার হামলা চালিয়েছে পাকিস্তান। এরইমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন।

গত রাতে এএফপির সাংবাদিকরা কাবুল শহরে বিস্ফোরণের শব্দ এবং মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার আওয়াজ শোনেন।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে জানান, পাকিস্তান কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশে হামলা চালিয়েছে। তবে হামলায় কারো ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।

এর আগে, পাকিস্তানি বাহিনীর ওপর পাল্টা হামলা চালানোর কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিলেন জাবিহুল্লাহ মুজাহিদ। পরে সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইসলামাবাদের নতুন এই অভিযানকে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর আফগান সেনাদের হামলার জবাব হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে দেওয়া পোস্টে জানান, কাবুল, পাকতিয়া প্রদেশ ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সময়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও লেখেন, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবং এখন সরাসরি যুদ্ধ শুরু হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষাকে গুঁড়িয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর রয়েছে।

গত বছরের অক্টোবর মাসে দুই দেশের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭০ জন নিহত হন। এর ফলে দুই দেশের সম্পর্কের তীব্র অবনতি ঘটে এবং সেই সময় থেকে সীমান্ত পারাপারও বন্ধ রয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তাদের ভূখণ্ডে সক্রিয় সেসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। তবে তালেবান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতির পর কয়েক দফা আলোচনা হলেও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে উভয় পক্ষ।