ইরানের হয়ে লড়াই করার ঘোষণা ইরাকের সশস্ত্র গোষ্ঠীর
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে মার্কিন হামলার হুমকি দিন দিন বেড়েই চলেছে। চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের পক্ষে লড়াই করার ঘোষণা দিচ্ছে একের পর এক সশস্ত্র গোষ্ঠী ও দেশ। সেই সহযোগীর কাতারে যুক্ত হলো ইরাকের কাতায়েব হিজবুল্লাহ।
ইরান-সমর্থিত একটি শক্তিশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নাম কাতায়েব হিজবুল্লাহ। যোদ্ধা সংগঠনটি তাদের সৈনিকদের নির্দেশ দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে প্রতিবেশী দেশটিতে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিস্থিতির জন্য যেন তারা প্রস্তুত থাকে।
কাতায়েব হিজবুল্লাহ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, এ অঞ্চলে যুদ্ধ শুরু করলে তাদের ‘প্রচণ্ড ক্ষতির’ সম্মুখীন হতে হবে।
অন্যদিকে আরেকটি সশস্ত্র উপদলের এক কমান্ডার জানিয়েছেন, হামলা হলে তাদের গোষ্ঠীর হস্তক্ষেপ করার ‘প্রবল সম্ভাবনা’ আছে।
কাতায়েব হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, মার্কিন হুমকি এবং সামরিক সমাবেশের মধ্যে এ অঞ্চলে একটি বিপজ্জনক উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই সব যোদ্ধার জন্য একটি সম্ভাব্য দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন।
ওই কমান্ডার বলেন, তার গোষ্ঠী ইরানকে তাদের নিজস্ব স্বার্থের জন্য কৌশলগত মিত্র মনে করে, তাই ইসলামি প্রজাতন্ত্রের ওপর যেকোনো আক্রমণ ‘সরাসরি আমাদের জন্য হুমকি।’
এদিকে হিজবুল্লাহর এক কর্মকর্তা এ সপ্তাহে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যদি ‘সীমিত’ হয় তবে লেবানিজ এই গোষ্ঠী সামরিকভাবে হস্তক্ষেপ করবে না। তবে সর্বোচ্চ নেতা আলী খামেনির ওপর যেকোনো আক্রমণকে তারা ‘রেড লাইন’ বা চরম সীমা হিসেবে বিবেচনা করবে।
আবা/এসআর/২৫
