ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি কমান্ডার নিহত
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ইসরায়েলের হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কামান্ডার নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও আইআরজিসি কামান্ডার মোহাম্মদ পাকপৌর তেল আবিবের হামলায় নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে ইসরায়েলের অভিযানের সঙ্গে সম্পর্কিত দুটি ও আঞ্চলিক একটি সূত্র।
এদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন- এমন জল্পনার মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, ‘আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি খুব বড় সমস্যা নয়।’
এনবিসি নিউজের এক প্রতিবেদকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেহরানসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে আঘাত করার চেষ্টা করা হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।
এছাড়া আরব আমিরাত, কাতার ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এসব ক্ষেপণাস্ত্র সম্ভবত অঞ্চলটিতে থাকা সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল-উদেইদ লক্ষ্য করে ছোঁড়া হয়েছিলো।
এর আগে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। একই দিনে রাজধানী তেহরানের পূর্বদিকে আরেকটি স্কুলেও হামলার ঘটনা ঘটে।
আবা/এসআর/২৫
