ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি ক্ষতিগ্রস্ত
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫২ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে ইরানে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা করে যাচ্ছে দেশটি।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ।
নির্ভরযোগ্য সূত্রের বরাতে বার্তাসংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, কিছু দেশে যুক্তরাষ্ট্রের একের অধিক ঘাঁটি রয়েছে। ফলে সেসব দেশের আলাদা আলাদা স্থানে হামলা হয়েছে। একটি দেশের শুধুমাত্র একটি ঘাঁটিতেই হামলা সীমাবদ্ধ ছিল না।
এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তাদের সেনারা যুক্তরাষ্ট্রের এমএসটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ তথ্য অস্বীকার করেছে।
আইআরজিসি বলেছে, শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত তাদের অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে। সামনে যুক্তরাষ্ট্রের আরও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে ইরান।
কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ‘‘বৈধ লক্ষ্যবস্তুতে’’ পরিণত হবে। ইরানের সশস্ত্র বাহিনী সেই সব স্থানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে, যেখান থেকে মার্কিন ও ইহুদিবাদী ইসরায়েলের অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহৃত সব স্থাপনাও আমাদের লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত।
আবা/এসআর/২৫
