ইরানের হামলায় এলএনজি উৎপাদন বন্ধ করে দিলো কাতার
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২৩:৩৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার।
সোমবার (২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানি কাতারএনার্জি।
বিবৃতিতে কাতারএনার্জি বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। যে কারণে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।
বিবৃতিতে অনুযায়ী, ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরী লক্ষ্য করে ইরান দুটি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ড্রোন মেসাঈদে একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে। আরেকটি রাস লাফান শিল্পনগরে একটি জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে। এসব হামলায় উৎপাদন বন্ধ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার ফলে সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করবে এবং এ বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।
আবা/এসআর/২৫
