ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শিগগিরই ইরানে ‘মূল আক্রমণ’ চালানো হবে : ট্রাম্প

শিগগিরই ইরানে ‘মূল আক্রমণ’ চালানো হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। শিগগিরই দেশটিতে ‘মূল আক্রমণ’ চালানো হবে।

স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘাত করছে’। তবে আরও বড় পদক্ষেপ সামনে রয়েছে।

তিনি বলেন, ‘আমরা তাদের কঠিনভাবে আঘাত করছি। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। আমাদের বিশ্বের সেরা সামরিক বাহিনী আছে এবং আমরা সেটিই ব্যবহার করছি।’ তবে সংঘাত দীর্ঘায়িত হোক, তা তিনি চান না বলেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না এটা খুব বেশি দিন চলুক। আমি ভেবেছিলাম, চার সপ্তাহ লাগতে পারে। আমরা সময়সূচির চেয়ে কিছুটা এগিয়ে আছি।’

ইরানের জনগণকে সহায়তায় সামরিক হামলার বাইরে যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই—সবাই ঘরের ভেতরে থাকুক। বাইরে নিরাপদ নয়।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা এখনো তাদের ওপর কঠোরতম হামলা শুরুই করিনি। বড় ঢেউ আসছে খুব শিগগির।’

ট্রাম্প জানান, তার কাছে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইরানের পক্ষ থেকে কয়েকটি আরব দেশের ওপর হামলা। তিনি বিশেষভাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন।

সূত্র: সিএনএন

আবা/এসআর/২৫

ইরান,আক্রমণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত