ইরান যুদ্ধে চীন-রাশিয়া কোনো বড় ‘ফ্যাক্টর’ নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২১:০১ | অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে চলমান সংঘাতে চীন ও রাশিয়া কোনো বড় ফ্যাক্টর নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ (বুধবার, ৪ মার্চ) পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মার্কিন প্রতিরক্ষা সচিবের পক্ষ থেকে এসময় তিনি আরও কিছু তথ্য তুলে ধরেন।

চলমান ইরান যুদ্ধে চীন ও রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে পিট হেগসেথ বলেন, ‘রাশিয়া ও চীন—যাদের উভয়েরই ইরানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—তাদের জন্য তার বিশেষ কোনো বার্তা নেই।’

তিনি বলেন, ‘তারা আসলে এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় (ফ্যাক্টর) নয় এবং তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ মনোযোগ এখন ইরানের তথাকথিত “পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা” বন্ধ করার দিকে।’

সামনে আরও ‘ঢেউ’ আসছে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটি কখনো একটি ন্যায্য লড়াই হওয়ার কথা ছিল না এবং এটি একটি ন্যায্য লড়াইও নয়।

পিট হেগসেথ বলেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এ আক্রমণ কেবল শুরু। শিগগিরই আরও শক্তিশালী হামলার ঢেউ ধেয়ে আসছে।’

তিনি বলেন, ‘যখন তারা পতনশীল, তখন আমেরিকা ইরানকে ঘুষি মারছে।’

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। সেখানে জানানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিলো।