এবার তুরস্ককে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন-ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং সেখানে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এবার তুরস্কের দিকেও তেহরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি তুরস্কের ভূখণ্ডে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ধ্বংস করেছে বলে জানা গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। তবে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করে এবং ভূপাতিত করে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূপাতিত ক্ষেপণাস্ত্রটি ভূমধ্যসাগরের কাছে তুর্কিয়ের ডর্টিওল জেলার উপর দিয়ে পড়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এমন যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে তুরস্কের বিরুদ্ধে যেকোনো প্রতিকূল পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার আমাদের আছে।’

এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোন করে উদ্বেগ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 

টেলিফোনে আব্বাস আরাঘচিকে তিনি বলেছেন, ‘সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন যেকোনও পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।’ যদিও ইরানে পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সূত্র: আলজাজিরা 

 

আবা/এসআর/২৫