প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
প্রতিবেশী দেশ থেকে আঘাত না এলে আর হামলা করবে না ইরান
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৫:১৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর আঘাত না এলে আর সেখানে হামলা করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি, সাম্প্রতিক হামলার জন্য তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান বলেন, ‘যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ চালানোর কোনো আগ্রহ নেই। এখন থেকে কোনও প্রতিবেশী দেশ আমাদের ওপর আগে হামলা না চালালে তাদের ওপর আক্রমণ করা হবে না।’
এ সময় পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ‘যারা এই মুহূর্তকে কাজে লাগিয়ে ইরানের ওপর আক্রমণ চালানোর কথা ভাবছে, তারা যেন সাম্রাজ্যবাদের পুতুলে পরিণত না হয়।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা ‘সম্মান ও স্বাধীনতার পথে নিয়ে যায় না’।
সূত্র: বিবিসি
