ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান মোতায়েন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটিতে মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান অবতরণ করেছে। শুক্রবার সন্ধ্যায় ১৪৬ ফুট দীর্ঘ এই বোমারু বিমানটি সেখানে পৌঁছায়। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক সামরিক পদক্ষেপের জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পরই বিমানটি সেখানে পৌঁছায়।

এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের কয়েকজন রাজনীতিবিদ—যাদের মধ্যে কনজারভেটিভ নেতা কেমি বাদেনোচ রয়েছেন—ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় স্টারমারের সমালোচনা করেছিলেন।

তবে স্টারমার তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বলেন, সম্ভাব্য ওই সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হতে পারত এবং এ বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর কোনো পরিকল্পনাও তখন দেখা যাচ্ছিল না।

উল্লেখ্য, বি-১ ল্যান্সার যুক্তরাষ্ট্রের একটি সুপারসনিক কৌশলগত বোমারু বিমান। এটি মূলত দূরপাল্লায় উড়ে গিয়ে ভারী অস্ত্র বহন করে শত্রুর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে। 

সূত্র: আল জাজিরা