ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:০৪ | অনলাইন সংস্করণ

  অন্তর্জাতিক ডেস্ক

‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেলপ্রতি তেলের দাম প্রায় ৯ শতাংশ পর্যন্ত কমেছে।

এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকেই বাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে।

মঙ্গলবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৫০ ডলারে, যা আগের দিন সোমবারের তুলনায় প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কম। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৬০ ডলারে, যা সোমবারের দামের তুলনায় প্রায় ৯ শতাংশ কম।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। গত ৮ মার্চ রোববার তা চূড়ায় পৌঁছে যায় এবং গত চার বছরের দামের রেকর্ড ভেঙে ফেলে।

বিবিসির তথ্য অনুযায়ী, সেদিন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই বিক্রি হয় ১০৮ ডলারে। আগের দিন শনিবারের তুলনায় রোববার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৮ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম প্রায় ২০ শতাংশ বেড়েছিল।

সোমবারও তেলের দাম বাড়ার ধারা অব্যাহত ছিল। তবে ওই দিন ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তার এমন ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে।

তবে বাজার এখনও তুলনামূলক চড়া রয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো প্রায় ৩০ শতাংশ বেশি।

সূত্র: বিবিসি