ইরানের আর কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২২:০৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১১ মার্চ) সংক্ষিপ্ত এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে, কারণ লক্ষ্যবস্তু করার মতো আর কিছুই অবশিষ্ট নেই।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ ‘দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে’ এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষতি করেছে। এখানে-ওখানে সামান্য কিছু লক্ষ্যবস্তু অবশিষ্ট থাকতে পারে... তবে আমি যখনই চাইব, এটি শেষ হবে, তখনই এটি শেষ হয়ে যাবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা সময়সূচীর চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি মূল ছয় সপ্তাহের পরিকল্পনায় যতটুকু সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি আমরা করতে পেরেছি।’
ট্রাম্প বলেন, ইরান শুধু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকেই হুমকি দিচ্ছিল না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় ছিল। গত ৪৭ বছর ধরে তারা যে মৃত্যু ও ধ্বংসলীলা চালিয়েছে, এখন তারই মাশুল দিচ্ছে। এটি ছিল তাদের কর্মের ফল। তারা এত সহজে পার পাবে না।
এরআগে গত সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে মার্কিন সেনাবাহিনীর ইরানে 'অভিযান' কতদিন চলবে— এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ অভিযান 'শিগগির' শেষ হবে, তবে এই সপ্তাহে নয়।
তিনি বলেন, ‘আমি মনে করি শিগগিরই। ইরানের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্বসহ’।
এদিকে চলমান যুদ্ধে শেষ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে নয়, তা সম্পূর্ণভাবে ইরানের হাতে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আবা/এসআর/২৬
