বাংলাদেশে ডিজেল সরবরাহের অনুরোধে যা জানালো দিল্লি

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২৩:০৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের থেকে পাওয়া বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি জানান, বাংলাদেশকে বাড়তি ডিজেল সরবরাহ করার আগে নয়াদিল্লি নিজেদের ডিজেলের প্রাপ্যতা এবং পরিশোধন ক্ষমতা বিবেচনা করবে, যা মূলত জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শ্রীলঙ্কা এবং মালদ্বীপসহ অন্যান্য দেশ থেকেও পেট্রোলিয়াম পণ্যের জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান জয়সওয়াল। দিল্লি বিষয়গুলো পরীক্ষা করছে বলেও জানান তিনি।

এরআগে, বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বৈঠক করেন।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে দেশটি কি পরিমাণ ডিজেল দিতে পারবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, এর আগে সোমবার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে আনা হয়েছে।

 

আবা/এসআর/২৬