হরমুজ প্রণালি বন্ধই থাকবে : মোজতবা খামেনি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২৩:৩১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।
বৃহস্পতিবার (১২ মার্চ) বৃহস্পতিবার দেওয়া প্রথম ভাষণে মোজতবা খামেনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘আমি সকলকে আশ্বস্ত করছি যে আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে পিছপা হব না। আমাদের প্রতিশোধের শুধুমাত্র ইসলামী বিপ্লবের মহান নেতার (আয়াতুল্লাহ আল খামেনি) শাহাদাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শত্রুদের হাতে শহীদ হওয়া জাতির প্রতিটি সদস্যের জন্য প্রতিশোধের আলাদা আলাদা ফাইল খোলা হবে।’
চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে খামেনি জানান, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্থদের জন্য কিছু আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে। একই সঙ্গে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের ‘বন্ধুত্বের’ নীতি রয়েছে। তবে তিনি দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।
ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সমর্থন জানিয়েছে উল্লেখ করে খামেনি বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলিও ইরানকে সাহায্য করতে চায়, ইয়েমেনের প্রতিরোধও কাজ করবে।
ইরানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন যখন আমাদের দেশ চাপ এবং আক্রমণের মুখে রয়েছে।’
আবা/এসআর/২৬
