আরব দেশগুলোতে হামলা বন্ধ করতে ইরানকে হামাসের আহ্বান
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২৩:১৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি ও মার্কিন হামলার জবাবে আঞ্চলিক প্রতিবেশীদের ওপর হামলা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে একই সঙ্গে তেহরানের আত্মরক্ষার অধিকারের ওপরও জোর দিয়েছে গোষ্ঠীটি।
শনিবার এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আন্তর্জাতিক নিয়ম ও আইন অনুসারে সকল সম্ভাব্য উপায়ে এই আগ্রাসনের জবাব দেওয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার নিশ্চিত করার পাশাপাশি, আন্দোলনটি (হামাস) ইরানের ভাইদের প্রতি প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা এড়ানোর আহ্বান জানাচ্ছে।’
মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি আক্রমণ ‘বন্ধে সহযোগিতার’ আহ্বান জানিয়েছে হামাস।
দীর্ঘদিন ধরে হামাসের একটি প্রধান অর্থনৈতিক সহযোগী হিসাবে কাজ করছে ইরান। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউসহ অন্য নানা দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
সূত্র: ডয়েচে ভেলে
আবা/এসআর/২৬
