ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৪:২৬ | অনলাইন সংস্করণ

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকে ভেনেজুয়েলা ইতালিকে পরাজিত করার পর সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ড এবং কানাডাসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে আসছেন, যা আন্তর্জাতিক মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভেনেজুয়েলার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ওয়াও! ভেনেজুয়েলা আজ রাতে ডব্লিউবিসি (বেসবল) সেমিফাইনালে ইতালিকে ৪-২ গোলে হারিয়েছে। ওদেরকে সত্যিই ফুরফুরে দেখাচ্ছে।’

এরপর ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘ইদানীং ভেনেজুয়েলায় ভালো কিছু ঘটছে। আমি ভাবছি এই জাদুর রহস্যটা কী?’ এবং সেখানেই যোগ করেন, ‘৫১তম অঙ্গরাজ্য হলে কেমন হয়?’ তার এ মন্তব্যটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।