গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের, প্রতিক্রিয়া জানায়নি ইরান

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ

ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বুধবার এ দাবি করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

ইসরায়েলের এই দাবি সত্য হলে, মাত্র দুই দিনের ব্যবধানে ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এটি হবে তৃতীয় বড় হত্যাকাণ্ড।

এর আগে, মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি। তাদের জানাজা বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরপর এসব হামলাকে ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হলেও দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এতে তাদের নেতৃত্ব কাঠামো দুর্বল হবে না।

এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

আল-জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, কোনো একজন নেতাকে হত্যা করা হলেও রাষ্ট্রীয় কাঠামো অটুট থাকে এবং কার্যক্রম স্বাভাবিকভাবেই চলতে থাকে। সূত্র: আল-জাজিরা