ইরান যুদ্ধে অন্তত ১৬ এয়ারক্রাফট হারিয়েছে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১১:২০ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৬টি এয়ারক্রাফট হারিয়েছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বর্তমানে এ সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পাল্টা ক্ষতির মুখে পড়ছে যুক্তরাষ্ট্রও।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্রের হারানো ১৬টি এয়ারক্রাফটের মধ্যে ১০টি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন। বাকি ছয়টির মধ্যে রয়েছে যুদ্ধবিমান ও রিফুয়েলিং এয়ারক্রাফট।

সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটেছে কুয়েতে। সেখানে একসঙ্গে তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়, যা ভুলবশত কুয়েতি বাহিনীর গুলিতে নামিয়ে আনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর কয়েকদিন পর ইরাকের আকাশসীমায় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয় মার্কিন সেনা নিহত হন।

এছাড়া সৌদি আরবের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান পাঁচটি রিফুয়েলিং বিমান ধ্বংস করে দেয় বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ ঘটনায় ইরান যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানেও আঘাত হানে। যদিও পাইলট দ্রুত বিমানটি মধ্যপ্রাচ্যের একটি দেশে নিয়ে জরুরি অবতরণ করাতে সক্ষম হন, তবুও এটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ইরানে তাদের বিমানবাহিনী কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। এখন পর্যন্ত তেহরানের স্থানীয় কিছু জায়গায় তারা কর্তৃত্ব স্থাপন করেছে। যেখানে গিয়ে তারা হামলা চালাতে পারে।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ইরানের আকাশসীমায় এখনও পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি যুক্তরাষ্ট্র। বর্তমানে তেহরানের কিছু নির্দিষ্ট এলাকায় তারা কর্তৃত্ব স্থাপন করেছে, যেখানে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে।

সূত্র: ব্লুমবার্গ