ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৬:২৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এবার ন্যাটো মিত্রদের সরাসরি ‘কাপুরুষ’ আখ্যা দিলেন তিনি। খবর বিবিসির।
শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ। যুদ্ধে যখন সামরিকভাবে জয় পাওয়া গেছে এবং তাদের জন্য ঝুঁকি খুবই কম, তখন তারা তেলের মূল্যবৃদ্ধি নিয়ে অভিযোগ করছে। কিন্তু তারা হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তা করতে চায় না। অথচ তেলের মূল্যবৃদ্ধির এই প্রধান কারণ একটি সহজ সামরিক পদক্ষেপের মাধ্যমেই সমাধান হতে পারে। খুব সামান্য ঝুঁকিতে তারা এটি করতে পারে। (ন্যাটো) কাপুরুষ, আমরা এটা মনে রাখব।’
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সম্পর্কে ফাটল আরও স্পষ্ট করল। বিশেষ করে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখাকে ট্রাম্প ‘সহজ কৌশল’ বললেও, মিত্ররা একে যুদ্ধে উসকানি হিসেবে দেখছে। 'আমরা মনে রাখব'- এমন হুঁশিয়ারি ভবিষ্যতে ন্যাটোর ঐক্য এবং ইউরোপের প্রতিরক্ষা কাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশগুলোর প্রতি হরমুজ প্রণালি উন্মুক্ত করার মিশনে সহায়তার আহ্বান জানিয়ে আসছেন। তবে ইউরোপীয় মিত্রদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই ইরানে হামলার ফলে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এখন সামরিক পন্থায় হরমুজ উন্মুক্ত করার চেষ্টা করলে তা হিতে বিপরীত হতে পারে। তাই তারা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর চেয়ে অন্য বিকল্প ভেবে দেখছে।
আবা/এসআর/২৬
