তেহরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ২২:৩১ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নেতাদের নওরোজ বা ফারসি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। খবর: বার্তা সংস্থা রয়টার্স।

বার্তায় পুতিন বলেন, ‘কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে।’

তবে পুতিন বন্ধুত্বের বার্তা দিলেও বাস্তবে রাশিয়া ইরানকে কতটা সাহায্য করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কিছু ইরানি সূত্রের দাবি, ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে গেলেও মস্কোর পক্ষ থেকে আসল সাহায্য খুব একটা পাওয়া যাচ্ছে না।

সম্প্রতি সংবাদমাধ্যম ‘পলিটিকো’ দাবি করেছিল যে, মস্কো ওয়াশিংটনকে একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানকে তথ্য দেওয়া বন্ধ রাখবে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। ক্রেমলিন অবশ্য এই রিপোর্টকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

 

আবা/এসআর/২৬