ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা ইসরায়েলের
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ২২:৪৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ২২ দিনে গড়িয়েছে। এমন অবস্থায় ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর: টাইমস অব ইসরায়েলের।
শনিবার (২১ মার্চ) সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরান সরকারের অবকাঠামোর ওপর যে হামলা চালাচ্ছে, এ সপ্তাহে, এটি বেশ বাড়বে।
এছাড়া যতদিন পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গালফ অঞ্চলে নিশ্চিত না হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছেন তিনি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী। ইসরায়েলের অভ্যন্তরীণ বাহিনীও শক্তিশালী। যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না।
এদিকে, ইরানে আরও ভয়ংকর আঘাত হানার পরিকল্পনা আঁটছে যুক্তরাষ্ট্রও; ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থল হামলা চালানোর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনাও প্রকাশ করেছে ইতোমধ্যে। এছাড়া, গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মেরিন সেনাকে নিয়ে যাওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, যারা এক সপ্তাহের মধ্যেই অঞ্চলটিতে পৌঁছে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
আবা/এসআর/২৬
