হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১১:৫১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও তিনি একাধিকবার ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিলেন।
অন্যদিকে এ হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া হেডকোয়ার্টারস জানিয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি ইস্যুতে চাপে রয়েছেন ট্রাম্প। ইরান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, শত্রু দেশের জাহাজের জন্য প্রণালিটি বন্ধ থাকবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, আগামী ১০ দিনের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে মিত্রদের অনেক অনুরোধের পরও সাড়া পাননি ট্রাম্প। উল্টো বিভিন্ন দেশ সরাসরি ইরানের সঙ্গে আলোচনা করে নিজেদের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান হুমকি ছাড়াই সম্পূর্ণভাবে হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেবে। সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে (হামলা) শুরু হবে।’ তবে তিনি কোন কেন্দ্রকে লক্ষ্য করা হবে, তা স্পষ্ট করেননি।
ট্রাম্পের এ বক্তব্যের পর ইরানি সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে, তাদের জ্বালানি ও শক্তি অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।
উল্লেখ্য, নতুন এ আল্টিমেটাম দেওয়ার একদিন আগেই ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম ধীরে ধীরে কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন। শুক্রবার (২০ মার্চ) এক পোস্টে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের বড় সামরিক কার্যক্রম ধীরে ধীরে শেষ করার বিষয়টি বিবেচনা করছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
সূত্র: আল জাজিরা
