ইসরায়েলে আবারও রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২২:৪৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ইসরায়েলের দিকে আবারো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
রোববার (২২ মার্চ) ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
টেলিগ্রামে পোষ্ট করা এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিও খবর দিয়েছে যে, নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রোবাবার ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ভূপাতিত করেছে।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে সংযুক্ত আরব আমিরাত জানায়, ‘ইরানের এই প্রকাশ্য আগ্রাসন শুরু হওয়ার পর’ থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।
এরআগে ইসরায়েলি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
আইডিএফ জানায়, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশই আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে।
আবা/এসআর/২৬
