যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় নগর কর্তৃপক্ষ।

সোমবার (২৩ মার্চ) এ বিস্ফোরণ ঘটে। ক্ষতিগ্রস্ত শোধনাগারটির মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস কোম্পানি ভালেরো।

বিস্ফোরণের পরপরই পোর্ট আর্থার শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, শোধনাগারটির সংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। নির্দেশনাটি আশপাশের সব এলাকার জন্য প্রযোজ্য।

এদিকে, ভালেরো কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের পর শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শোধনাগারটিতে আগুন জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র, যার প্রভাবে আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

উল্লেখ্য, পোর্ট আর্থার শহরটি টেক্সাসের বৃহত্তম শহর হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরোর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এছাড়া শোধনাগারটি থেকে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলের মতো জ্বালানিও উৎপাদন করা হয়।

সূত্র : এএফপি