লারিজানির স্থলাভিষিক্ত হলেন আইআরজিসির সাবেক কমান্ডার জোলঘাদর
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২০:২১ | অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় আলি লারিজানি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে।
মঙ্গলবার (২৪ মার্চ) তেহরানে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছে টার্কি টুডে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ-এর প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য উপ-প্রধান মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীর বরাত দিয়ে বলা হয়, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির অনুমোদন ও সম্মতিতে এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আদেশে জোলঘাদরকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে এক আকস্মিক ইসরায়েলি হামলায় ইরানের প্রভাবশালী নেতা এবং নিরাপত্তা পরিষদের তৎকালীন প্রধান আলি লারিজানি নিহত হন। তার মতো অভিজ্ঞ নেতার শূন্যতা পূরণ এবং বর্তমান আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশের নিরাপত্তা কৌশল নির্ধারণে জোলঘাদরের এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মোহাম্মদ বাঘের জোলঘাদর ইরানের সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
