ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২২:০৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে চলমান এই সংঘাতকে অঞ্চলটির পুনর্গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি।

আলোচনার সম্পর্কে অবগত সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েকটি ফোনালাপে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে এসব কথা বলেছেন। এসব আলোচনার বিষয়ে জানেন-এমন সূত্র এসব তথ্য জানিয়েছেন। 

সূত্রগুলো জানিয়েছে, তিনি ট্রাম্পকে ইরানের কট্টরপন্থি সরকারকে সম্পূর্ণভাবে অপসারণের জন্য চাপ দিতে বলেছেন, কারণ তার মতে ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি।

তবে সৌদি ও মার্কিন উভয় সরকারের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি তেল স্থাপনায় আরও কঠোর হামলা চালাতে পারে এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

এই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশ পেল যখন চলমান সংঘাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

এদিকে এরআগেও একাধিক মার্কিন সংবাদমাধ্যম একই ধরনের প্রতিবেদন প্রকাশ করলেও, সৌদি আরব প্রকাশ্যে যুদ্ধ অব্যাহত রাখতে চাপ দেওয়ার কথা অস্বীকার করেছে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি সরকার বলেছে, ‘সৌদি আরব এই সংঘাত শুরু হওয়ার আগে থেকেই এর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিল।’

 

আবা/এসআর/২৬